শিল্পা শেঠির সঙ্গে বিমানে না চড়ার অনুরোধ করেছেন নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। সম্প্রতি সোশ্যালে একটি ভিডিও শেয়ার করে এমন বার্তা দেন তিনি।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে ফারাহের পাশে বসে রয়েছেন শিল্পা শেঠি। ভিডিওটির ক্যাপশনে ফারাহ লিখেছেন, ‘শিল্পা শেঠির সঙ্গে কখনও বিমানে চাপবেন না।’ এর ব্যখ্যা পাওয়া গেছে ভিডিওতে।
সেখানে দেখা যাচ্ছে, সামনে দাঁড়িয়ে রয়েছেন বিমানসেবিকা। ফারাহ একের পর এক খাবারের অর্ডার দিতে চাইছেন। কিন্তু শিল্পা তাকে নিষেধ করছেন। শেষে শিল্পা বিমানসেবিকার উদ্দেশে বলেন, ‘আমি আমার আসন পরিবর্তন করছি।’
শিল্পা যে নিয়মিত শরীরচর্চা করেন, তা কারও অজানা নয়। তাই ফারাহর খাবার তার কাছে গ্রহণযোগ্য নয়। বন্ধুকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতেই তিনি নিষেধ করেছিলেন। তাই ভিডিওর ক্যাপশনে ফারাহ লেখেন, ‘কেউ কিছুই খেতে পারবেন না, অথচ তিনি শিল্পার মতো ফিটও হবেন না।’
এই ভিডিও দেখে নেটাগরিকদের একাংশ খুশি। তারা নানা মতামতে ভরিয়ে তুলেছেন মন্তব্যের ঘর। তবে আলাদা করে নজর কেড়েছে ভিডিওতে শিল্পার স্বামী রাজ কুন্দ্রের মন্তব্যটি। রাজ লেখেন, ‘ফারাহ, আমি তোমার দুঃখ বুঝতে পারছি। তোমার জন্য পানিই ছিল সবচেয়ে স্বাস্থ্যকর।’
ফারাহ এবং শিল্পা দু’জনেই ভালো বন্ধু। একসঙ্গে একাধিক প্রকল্পে কাজ করেছেন। তবে এবার শিল্পা প্রসঙ্গে বিশেষ সতর্কবার্তা দিলেন ফারাহ খান। যা মুহূর্তেই ভাইরাল।
সম্প্রতি ফারাহকে দর্শক দেখেছেন একটি ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে। পাশাপাশি, হিন্দি ছবির বেশ কিছু গানে তিনি কোরিওগ্রাফি করছেন। অন্যদিকে, শিল্পাকে দেখা যাবে আসন্ন ‘কেডি: দ্য ডেভিল’ ছবিতে।