সৌদি আরবে ভারী বৃষ্টিপাত, তলিয়ে গেছে সড়ক-গাড়ি

সাম্প্রতিক সময়ে ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবও। দেশটিতে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে তলিয়ে গেছে রাস্তাঘাট। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। রাস্তার অনেক স্থানে গাড়ি পানির নিচে রয়েছে।

এরই মধ্যে মক্কায় আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা। শুক্রবার আরব-আমিরতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

এর আগে দেশটির আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করে। এতে তায়েফ, আরদিয়াত, আদহাম, বনি ইয়াজিদ ও মায়সান এলাকায় ভারী বৃষ্টির কথা বলা হয়।

আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে। বিশেষ করে মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। 

দেশটির আবহাওয়া বিভাগ বলছে, সৌদির আকাশসীমায় গ্রীষ্মমন্ডলীয় আর্দ্রতার প্রবাহ ও আরব উপদ্বীপের দক্ষিণ দিকে গ্রীষ্মমন্ডলীয় বেল্টের স্থানান্তরের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।