বাড়ি থেকে বের হয়েছিলেন ইজিবাইক নিয়ে। কথা ছিল পরিবারে জন্য বাজার-সদাই নিয়ে ফিরবেন। কিন্তু তা আর হলো না চালক আল-আমিনের। পথিমধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তাকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা- তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল হক।
আজ শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার নান্দাইল-আঠারবাড়ি সড়কের কবিরপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে আল আমিন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। দিন শেষে রাতেও বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ করে তার পরিবারের লোকজন। পরে শনিবার সকালে খবর পান ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি-নান্দাইল সড়কের কবিরপুর নামক স্থানে একজনের লাশ পড়ে আছে। সেখানে গিয়ে মা রেজিয়া খাতুন সনাক্ত করেন এই লাশ তার ছেলের।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল হক বলেন, ছিনতাইকারীরা ইজিবাইক চুরির লক্ষ্যে চালককে শ্বাসরোধে হত্যার পর ইজিবাইকটি নিয়ে যেতে পারে। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি। এ ঘটনায় মামলা পক্রিয়াধীন।