সাবেক সাংসদ এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে সম্প্রতি হত্যা মামলা হয়েছে। তবে সাকিব বর্তমানে জাতীয় দলের সঙ্গে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলছেন।
সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বিসিবি কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন এখনও নোটিশ হাতে পায়নি বিসিবি। টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি।
ফারুক আহমেদ বলেন, 'আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনও, ওটার ব্যাপারে বলতে পারবো না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপরে একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেবো।'
এ সময় ফারুক আহমে আরও বলেন, 'এটা তো নরমাল একটা ব্যাপার। এফআইর যখন হয়, এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। গত বেশ কিছু এর আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। সহমর্মিতা এখনও আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং ইম্প্লোয়ি বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারবো।'
টেস্টের আর একদিন বাকি। এর মধ্যে সাকিবকে বাদ দেওয়া যাবে না বলে জানান বিসিবি সভাপতি। সাকিবের চলমান টেস্ট ম্যাচে খেলতে বাধা নেই বলেও জানিয়েছেন ফারুক আহমেদ, 'এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারবো না।'