বন্যা দুর্গত মানুষদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তার অংশ হিসেবে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা-কর্মচারীরাও তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে বন্যা কবলিত মানুষের সহায়তায় প্রদান করার ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৪ আগস্ট) আলফা ইসলামী লাইফের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়।
এর আগে গত বুধবার ভারতের ত্রিপুরা থেকে ফেনী, কুমিল্লার দিকে ধেয়ে আসে প্রবল স্রোতধারা। কয়েক ঘণ্টার মধ্যে তলিয়ে যায় বিস্তীর্ণ জনপদ। পরে এই বন্যা চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ দেশের ১১টি জেলায় ছড়িয়ে পড়ে।