কেন আম্বানিপুত্রের বিয়েতে যাননি, মুখ খুললেন কঙ্গনা

জুলাইয়ে অনুষ্ঠিত হওয়া অনন্ত আম্বানি-রাধিকার বিয়েতে হাজির ছিল প্রায় গোটা বলিউড। দেশ বিদেশের নামী তারকা, ব্যবসায়ী প্রমুখ উপস্থিত ছিলেন। কিন্তু দেখা মেলেনি বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াতের। কিন্তু কেন? এবার সেই কারণটাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

কঙ্গনা জানান, অনন্ত তাকে নিজে ফোন করে বিয়েতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তাও যেতে পারেননি কঙ্গনা। এর অন্যতম কারণ তার নিজের ভাইয়ের বিয়ে ছিল সেদিন। একই সঙ্গে সিদ্ধার্থ কাননকে দেওয়া এই সাক্ষাৎকারে বললেন, আমাকে অনন্ত আম্বানি ফোন করেছিলেন। ও ভীষণ ভালো ছেলে। ও আমাকে বলেছিল আমার বিয়েতে এসো কিন্তু। আমি ওকে তখনই জানাই যে আমার বাড়িতেও বিয়ে আছে। ওই দিনটা খুব ভালো ছিল। আমার ভাইয়ের বিয়ে ছিল ওইদিন। তাছাড়া আমি এই ধরনের ফিল্মি বিয়েতে যেতে পছন্দ করি না।

গত ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়েন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন বসেছিল তাদের বিয়ের আসর। ১৪ জুলাই ছিল তাদের রিসেপশন। এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, কার্দাশিয়ান সিস্টার্স, ভারতীয় ক্রিকেট দলের সদস্য প্রমুখ।

কঙ্গনা রানাওয়াত অভিনীত 'ইমারজেন্সি' মুক্তি পেতে চলেছে শীঘ্রই। এই ছবিতে তাকে ভারতের প্রাক্তন তথা প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। ছবিতে কঙ্গনা ছাড়াও থাকবেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে, প্রমুখ। থাকবেন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।