বন্যার্তদের জন্য একদিনের বেতন দিচ্ছেন ফুডি’র কর্মীরা

স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দেশের রাইডার ভিত্তিক ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি’র সকল কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের এক দিনের অর্থ বন্যার্তদের মাঝে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ রবিবার (২৫ আগস্ট) দুপুরে ফুডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সর্বস্তরের জনগণের সঙ্গে দেশের রাইডারভিত্তিক ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি’র সকল কর্মকর্তা-কর্মচারী বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। ফুডি’র সারা দেশের মাঠ পর্যায়ের কর্মী বাহিনীসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ প্রদান করে বন্যার্তদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

এতে আরও বলা হয়, যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে ফুডির কর্মীগণ আপামর জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে। এখানে উল্লেখ্য ফুডির এক হাজার পাঁচ শত কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।