অধস্তন আদালত বা ট্রাইব্যুনালে উপস্থিত আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবীরা সহায়তা দেবেন। আজ রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ নির্দেশনা দিয়েছেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নিমিত্তে আদালতে উপস্থিত আসামিদের আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক। আসামিদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন সে কারণে আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে সে ক্ষেত্রে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার জন্য প্রধান বিচারপতি নির্দেশনা প্রদান করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আদালতে উপস্থিত কোনো আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে সে ক্ষেত্রে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
নিযুক্তীয় আইনজীবীগণ যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়।