নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার (২৫ আগস্ট) বিকেলে রূপগঞ্জ আমলি আদালত-৩ এর বিচারক কাজী মহসিনের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ। তিনি জানান, আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে গতকাল শনিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি নিকটাত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনার সঙ্গে সাবেক পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়।