আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ শুরু হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এর আগে আন্দোলনরত আনসার সদস্যদের হাতে অবরুদ্ধ উপদেষ্টা ও সমন্বয়কদের উদ্ধারে সচিবালয়ের দিকে যান শিক্ষার্থীরা। রবিবার রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা টিএসসি অভিমুখে রওয়ানা হন। এরপর রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

চাকরি জাতীয়করণের দাবিতে আজ সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। একপর্যায়ে দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ। তারা সচিবালয়ে তিন নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের প্রতিনিধিদের দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়। তবে কিছুক্ষণ পরই আবারও আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।