রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকেই গোল করলেন ব্রাজিলের নতুন সেনসেশন এনদ্রিক। দ্বিতীয়ার্ধে ফেদেরিকো ভালভের্দে দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াস। আর যোগ করা সময়ে তৃতীয় গোলটি করে রিয়ালের জার্সিতে অভিষেক রাঙান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম জয় পেল কার্লো আনচেলত্তির দল।
রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচটি রিয়াল জিতেছে ৩-০ গোলে। রিয়ালের হয়ে ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচে অনেক সুযোগ পেলেও গোল পাননি কিলিয়ান এমবাপ্পে। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ফরাসি তারকার বদলি নেমে জালের দেখা পান ১৮ বছর বয়সী এনদ্রিক। প্রথমার্ধের প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষায় ফেলার মতো আর কিছু করতে পারেনি রিয়াল।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ভালভের্দের নিচু ফ্রি-কিক প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ালে রিয়াল এগিয়ে যায়। বারবার সুযোগ মিস করা এমবাপ্পেকে ৮৭ মিনিটে তুলে মাঠে নামানো হয় এনদ্রিককে। ৮৮তম মিনিটে মিলিতাওয়ের থেকে বল পেয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান ব্রাহিম। আর যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে দিয়াসের পাস থেকে বক্সে ঢুকে গোল করেন অভিষিক্ত এনদ্রিক।