অতিবৃষ্টি আর পাহাড়ী ঢলে দেশের ১১টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। লক্ষ লক্ষ পানিবন্দি মানুষ আছে অনাহারে। সেই অসহায় মানুষদের জন্য এবার ত্রাণ পাঠাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার ৩ হাজার প্যাকেট ত্রাণ পাঠানো হয়েছে বন্যা উপদ্রুত অঞ্চলে।
বন্যার্তদের সহায়তায় আগে থেকেই সরব ছিলেন ক্রিকেটাররা। গতকাল রবিবার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ম্যাচসেরার পুরস্কারের সমস্ত অর্থ দান করে দিয়েছেন মুশফিকুর রহিম। এছাড়া ‘এনার্জিটিক ব্যাটার অব দ্য ম্যাচ’ পুরস্কার পাওয়া লিটন কুমার দাসও তার পুরস্কারের সব অর্থ বন্যার্তদের দিয়েছেন।
বন্যায় এখনো দেশের ১১টি জেলায় ১০ লাখ ৪৭ হাজার ২৯টি পরিবার পানিবন্দী। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫২ লাখ ৯ হাজার ৭৯৮। সরকারি হিসাবে, এখন পর্যন্ত ২০ জনের মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় ৬ জন, চট্টগ্রামে ৫, নোয়াখালীতে ৩, কক্সবাজারে ৩ এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন।