কাপ্তাই হ্রদের পানির স্তর চূড়ান্ত বিপৎসীমায় পৌঁছেছে। যে কারণে রোববার(২৫ আগস্ট) রাতে খুলে দেওয়া হয় বাঁধের ১৬টি জলকপাট। যা এখনো অব্যাহত রয়েছে।
প্রথমে রোববার সকাল ৮টায় গেটগুলো খুলে দিয়ে ছয় ঘণ্টা পর দুপুর ২টায় বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে রাত ৭টা ১৫ মিনিট থেকে আবারও ১৬টি গেট চার ইঞ্চি করে খুলে দেওয়া হয়, সোমবার সকালে আরও দুই ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চি করা হয়েছে।
কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা এখন একেবারেই সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকাল দশটায় হ্রদের পানির উচ্চতা ১০৮.৮৪ এমএসএল (মিনস সি লেভেল) রেকর্ড করা হয়েছে। যা বিপৎসীমার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। গেইট খুলে দেয়ায় এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক ফিট পানি নিষ্কাশন হচ্ছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের বলেন, পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেইটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।