খুনের মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে বল হাতে দুর্দান্ত পারফর্মেন্স করেছেন সাকিব আল হাসান। শেষ দিন ৩ উইকেট নিয়ে দলের ঐতিহাসিক জয়ে রেখেছেন অবদান। অতীতে অনেকবার দেখা গেছে, প্রবল মানসিক চাপ নিয়েও সাকিব বাইশ গজে জ্বলে উঠতে পারেন। তার এই মানসিকতার প্রশংসা করেছেন বিসিবি পরিচালক ও সাকিবের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম। তবে সাকিবের মামলার বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
আজ সোমবার মিরপুরে সাকিবের শক্ত মানসিকতা নিয়ে এক প্রশ্নের জবাবে ফাহিম বলেন, ‘মানসিকভাবে শক্ত সেটা বলব না। আমি বলব, যারা বৈশ্বিক তারকা, সেটা যেকোনো খেলার হতে পারে, তারা যখন মাঠে নামে তখন মনে হয় না তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে। তারা সেভাবেই নিজেদের তৈরি করে যাতে অন্য কোনো চিন্তা না আসে। ওর (সাকিবের) বিষয়টাও তাই। ও যখন বল করতে আসে তখন শুধু ব্যাটাসম্যানকে নিয়েই ভাবে। অন্য কোনো চিন্তা ওর থাকে না। এটাই বোধহয় ওকে অন্যদের চেয়ে আলাদা করে। অনেক খেলোয়াড়কে দেখেছি বিভিন্ন চাপের কারণে স্বাভাবিক খেলাটা খেলতে পারে না। কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা ঠিক না।’
দেশের খ্যাতিমান এই কোচের কাছে প্রশ্ন ছিল, পাকিস্তান সফর চলাকালীন সাকিবের সঙ্গে তার যোগাযোগ হয়েছে কিনা? জবাবে ফাহিম জানান, ‘ওর সাথে তো আমার দুইটা রোল আছে। বোর্ড পরিচালক হিসেবে আমি তার সাথে কথা বলিনি। তবে ওর মেন্টর তথা কোচ হিসেবে কথা হয়েছে। ওর পারফর্মেন্স নিয়ে কথা হয়েছে। এটাই আমার রোল ছিল। বোর্ড পরিচালক হিসেবে কোনো কথা হয়নি।’
এসময় ফাহিমকে সাকিবের বিরুদ্ধে মামলা এবং সাকিবের ভবিষ্যত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বারবার ‘নেক্সট’ বলে এড়িয়ে যান।