ধান কাটার মৌসুমের মতো দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে: উপদেষ্টা

ধান কাটার মৌসুমের মতো এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সচিবালের সামনে আন্দোলনরত আনসার সদস্যদের হামলায় আহত ছাত্র, সমন্বয়ক ও সাধারণ মানুষদের দেখতে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় তিনি এ মন্তব্য করেছেন। 

তিনি বলেন, প্রত্যেক দাবির একটা আর্থিক সংশ্লেষ আছে। এতে সরকারের ব্যয় বাড়বে। সরকারের রাজস্ব হঠাৎ করে রাতারাতি বাড়বে না। ফলে সরকার কিভাবে এসব দাবি স্বল্প সময়ে পূরণ করবে? এসব দাবি পূরণ করতে হলে সরকারের টাকা ছাপাতে হবে। এতে মূল্যস্ফীতি বেড়ে যাবে। মূল্যস্ফীতি হলে জনসাধারণ ভোগান্তির শিকার হবে।

ফাওজুল কবির খান বলেন, মূল্যস্ফীতি বাড়লে বাজারে আলুর দাম ৪০ টাকা থেকে ৮০ টাকা হবে, পটলের দাম বেড়ে যাবে, তেলের দাম ২০০ টাকা ছোঁবে, পেঁয়াজের দাম ১৫০ টাকা হবে।

আন্দোলনকারীদের উদ্দেশ্য তিনি বলেন, 'নিয়মতান্ত্রিক পন্থায় আসলে আমরা আলাপ করতে রাজি। এমন হয়নি যে কোনো উপদেষ্টার সাথে দেখা করতে তারা ব্যর্থ হয়েছে। এই সরকারের মেন্ডেড খুব স্ট্রং। ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছে । সুতরাং কেউ যাতে মনে না করে যে এই সরকার বানের জলে ভেসে আসা সরকার।

গত ১৬-১৭ বছরে অপকর্মের ইতিহাসের কথা স্মরণ করে তিনি বলেন, 'আমরা ন্যায্য দাবি ও বৈষম্য সম্পর্কে ওয়াকিবহাল, তবে বৈষম্য বিলোপের জন্য আমারে সময় দিতে হবে। এই সরকার জনপ্রত্যাশার সরকার এবং এই জন প্রত্যাশাকে পূরণ করতে যত কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন সরকার তা নেবে, তবে তার জন্য সময় প্রয়োজন।