ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) এসব হামলায় ১০০ টির বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১০০ ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্যটি জানা যায়।
হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিয়েভের অধিবাসীরা হামলা থেকে বাঁচতে মেট্রোস্টেশনে আশ্রয় নিয়েছে।
ইউক্রেনজুড়ে যে অঞ্চলগুলোর বিদ্যুৎ গ্রিড এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে রাশিয়া হামলার নিশানা করেছে, তার মধ্যে আছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামেলিনস্তকের উত্তর-পশ্চিমে রিভেন ও ভলিন এলাকা। পশ্চিমের লভিভ, দনিপ্রোপেত্রোভোস্ক, কিরোভোহ্রাদ, ভিনিস্তিয়া, দক্ষিণ পূর্বের জাপোরিজিয়া এবং দক্ষিণের ওদেসা।
এই হামলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জ্বালানি খাতে বিপুল ক্ষয়ক্ষতি হওয়ার কথা স্বীকার করেছেন।