এবার আলফা শর্বরী

চলতি বছরটা যেন বেশ ভালো যাচ্ছে শর্বরী ওয়াঘের। ‘মঞ্জ্যা’ দিয়ে পা রাখেন শত কোটির ঘরে। এরপর হরর-কমেডি ‘তারাস’ সিনেমায় তার নাচের গানটি বছরের সবচেয়ে বড় মিউজিক্যাল হিট গানগুলোর একটি। এ ছাড়াও তার অভিনীত ‘মহারাজ’ বিশ্বব্যাপী স্ট্রিমিং হিট। সর্বশেষ মুক্তি পাওয়া ‘বেদা’ ছবিতে তার অনবদ্য অভিনয় প্রশংসা কুড়িয়েছে বেশ। এখানেই শেষ না। ক্যালেন্ডারে পাতা শেষ হয়ে বছর শেষ হতে চললেও শর্বরীর কাজের যেন শেষ নেই। থামছেন না যেন। যশরাজ স্পাই ইউনিভার্স চলচ্চিত্র নারীকেন্দ্রিক অ্যাকশন ধর্মী ‘আলফা’-তে যুক্ত হয়েছে এই নায়িকা। যেখানে তাকে দেখা যাবে সুপারস্টার আলিয়া ভাটের সঙ্গে। গতকাল থেকে কাশ্মীরে শুরু হয়েছে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং। এতে অংশ নিয়েছেন তিনিও। শুটিংয়ে অংশ নেওয়ার আগে শর্বরী বললেন, ‘আমি আলফার সেটে আসার জন্য আর অপেক্ষা করতে পারছি না, সেইসঙ্গে কাশ্মীরে শুটিং করার জন্যও। কাজটি শুরু করার জন্য অধীর আগ্রহী নিয়ে বসে আছি।’

তিনি আরও বলেন, ‘আমি যখন একটি মিছরির দোকানে কিংবা আলফার সেটে থাকি, তখন শিশুর মতোই এক্সাইটেড থাকি। আমার মনে হয় আমি দোকানের মিছরির বলের মতো সবকিছু ভিজিয়ে রাখি এবং ভালো কাজ করার চেষ্টা করি। আমি মনে করি ক্যারিয়ারে এত তাড়াতাড়ি এমন সুযোগ পাওয়া সত্যিই আশীর্বাদ। এমন ফ্র্যাঞ্চাইজিতে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।

এর আগে চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের বিষয়ে শর্বরী বলেছিলেন, ‘আমি জানি না ভিন্ন ভিন্ন চলচ্চিত্রে ভিন্ন ঘরানার চরিত্রে নতুন অভিনেতারা ঝুঁকি নেবেন কি না! কিন্তু ‘বেদা’র মতো চলচ্চিত্র আমার বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একজন অভিনেত্রী হিসেবে বিভিন্ন চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে থাকি।’ ‘আলফা’ শর্বরীর ক্যারিয়ারে বড় মাইলফলক হতে চলেছে। কারণ তিনি বলিউডের সুপারস্টারদের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্পাই ইউনিভার্সে যুক্ত হয়েছেন। স্পাই ইউনিভার্স সিনেমার তারকাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সালমান খান, হৃতিক রোশন, এনটিআর জুনিয়র, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ এবং কিয়ারা আদভানির মতো তারকারা। এবার তাদের সঙ্গী হলেন শর্বরী।