রিয়াল জার্সিতে অভিষেকেই গোল এনদ্রিকের

উয়েফা সুপার কাপের পর লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচেও মাঠে নামানো হয়নি এনদ্রিককে। তাতে বেড়েছিল এনদ্রিকের অভিষেকের অপেক্ষা। রবিবার ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের ৮৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের বদলি হিসেবে নামেন ব্রাজিলিয়ান বিস্ময় বালক। নেমেই কয়েক মিনিটের মধ্যেই গোল করেন। ম্যাচটি ৩-০ গোলে জেতে রিয়াল। ড্র দিয়ে লিগ শুরু করা লস ব্লাঙ্কোসরা পায় প্রথম জয়।

ম্যাচটি হয়েছে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। এই মাঠে এর আগেও গোল করেছিলেন এনদ্রিক। তবে সেটি ছিল ব্রাজিলের হয়ে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে। ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫০ মিনিটে ভালভার্দের নিচু ফ্রি-কিক প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ালে রিয়াল এগিয়ে যায়। বারবার সুযোগ মিস করা এমবাপ্পেকে ৮৭ মিনিটে তুলে মাঠে নামানো হয় এনদ্রিককে। ৮৮ মিনিটে মিলিতাওয়ের থেকে বল পেয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান ব্রাহিম দিয়াজ। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে দিয়াজের পাস থেকে বক্সে ঢুকে গোল করেন অভিষিক্ত এনদ্রিক।

গোলে রেকর্ডও গড়েছেন এনদ্রিক। ১৮ বছর ৩৫ দিন বয়সী এই ব্রাজিলিয়ানই এখন লা লিগা ইতিহাসে রিয়ালের সবচেয়ে কম বয়সী বিদেশি ফুটবলার হিসেবে গোলদাতা। এর আগে এই রেকর্ডটি ছিল ফ্রান্সের রাফায়েল ভারানের (১৮ বছর ১৫২ দিন)। একবিংশ শতাব্দীতে লা লিগা অভিষেকে লস ব্লাঙ্কোসদের সর্বকনিষ্ঠ গোলদাতাও এখন এনদ্রিক।

ম্যাচশেষে এনদ্রিক বলেন, ‘আমি খুব খুশি। স্বপ্ন পূরণ হলো। আমি বার্নাব্যুতে আগেও খেলেছি, ব্রাজিলের হয়ে এবং গোল করেছিলাম। কিন্তু সেটা তো আর রিয়ালের জার্সিতে ছিল না। এটি আমার অভিষেক। লিগ অভিষেকও। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার সঙ্গে যা কিছু ঘটছে সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’

২০২২ এর ডিসেম্বরেই রিয়াল এনদ্রিককে পেতে পালমেইরাসের সঙ্গে চুক্তি করেছিল। তখন বয়স ১৮ না হওয়ায় তাকে খেলাতে পারেনি রিয়াল। ছিলেন পালমেইরাসেই। এই মৌসুমের শুরু থেকেই স্প্যানিশ ক্লাবটির সঙ্গে আছেন ব্রাজিলের এই বিস্ময় বালক।

ম্যাচে গোল না পেলেও দল জেতায় খুশি এমবাপ্পে। ফরাসি এই ফরোয়ার্ডেরও রিয়ালের জার্সিতে ঘরের মাঠে ছিল প্রথম ম্যাচ। এমবাপ্পে বলেন, ‘এটি আমার জন্য দারুণ এক মুহূর্ত। বার্নাব্যুতে জয়ে শুরু করতে পেরে খুশি আমি। দারুণ এক রাত, সমর্থকরা দুর্দান্ত। আমাকে এবং দলকে সমর্থন দেওয়ায় সবাইকে ধন্যবাদ। এই স্টেডিয়ামে (রিয়ালে জার্সিতে) খেলাটা স্বপ্নপূরণ। বৃহস্পতিবার আমাদের ম্যাচ আছে। সেখানেও জয় চাই আমাদের।’ আগামী বৃহস্পতিবার লা লিগার তৃতীয় রাউন্ডের ম্যাচে লাস পালমাসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।

রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদও নিজেদের ম্যাচে জয় পেয়েছে। আতলেতিকো ৩-০ গোলে হারিয়েছে জিরোনাকে। আতলেতিকোর হয়ে গোল করেন আন্তোনিও গ্রিজমান, মার্কোস লরেন্তে ও কোকে। গেল মৌসুমে অনেকটা সময় লিগ শিরোপা জয়ের দৌড়ে ছিল জিরোনা। পরে তৃতীয় স্থানে শেষ করে তারা। চলতি মৌসুমে দুই ম্যাচ খেলে একটি ড্র করেছে জিরোনা।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। ম্যাচে অলরেডদের হয়ে গোল করেন লুইস দিয়াজ ও মোহামেদ সালাহ। চলতি মৌসুমে লিগের দুই ম্যাচেই গোল পেলেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যানফিল্ডে এটি তার ১১৮তম গোর। লিভারপুলের হয়ে সালাহর গোল সংখ্যা ২১৩টি।