সৌদি আরবের ক্লাব আল কাদিসিয়াহ থেকে বড় অঙ্কের আর্থিক প্রস্তাব পেয়েছিলেন পাওলো দিবালা। তবে সৌদির সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে রোমাতেই থাকার সিদ্ধান্ত নেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। আর এই সিদ্ধান্তে জাতীয় দলের দরজা খুলে গেছে দিবালার জন্য।
আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৫ ও ১০ তারিখ হওয়া দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে দিবালা প্রথমে ডাক না পেলেও গতকাল তাকে দলভুক্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি।
এর আগে সৌদির ক্লাব প্রত্যাখ্যান করে রোমাতে থাকা নিয়ে দিবালা বলেছিলেন, ‘আমি আর্জেন্টিনা জাতীয় দলে ফিরতে চাই। সৌদির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সময় আমি অনেক কিছু ভেবেছি। আমার পরিবার, জীবনযাপন, দল, এই শহর এবং জাতীয় দলে ফেরাটাকে প্রাধান্য দিয়েছি।’ ইউরোপ ছেড়ে সৌদিতে খেলতে গেলে জাতীয় দলের ফেরার পথ বন্ধ হয়ে যেতে পারে, এমনটি ভেবেই সৌদি যাননি দিবালা। তার ফলাফলও পেলেন তিনি।