দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে : ফাওজুল

ধান কাটার মৌসুমের মতো এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, প্রত্যেক দাবির একটা আর্থিক সংশ্লেষ আছে। এতে সরকারের ব্যয় বাড়বে। সরকারের রাজস্ব হঠাৎ করে রাতারাতি বাড়বে না। ফলে সরকার কীভাবে এসব দাবি স্বল্প সময় পূরণ করবে? এসব দাবি পূরণ করতে হলে সরকারের টাকা ছাপাতে হবে। এতে মূল্যস্ফীতি বেড়ে যাবে। মূল্যস্ফীতি হলে জনসাধারণ সাফার করবে।

গত রবিবার সচিবালের সামনে আন্দোলনরত আনসার সদস্যদের হামলায় আহত ছাত্র, সমন্বয়ক ও সাধারণ মানুষদের দেখতে গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা।

ফাওজুল কবির খান বলেন, মূল্যস্ফীতি বাড়লে বাজারে আলুর দাম ৪০ টাকা থেকে ৮০ টাকা হবে, পটোলের দাম বেড়ে যাবে, তেলের দাম ২০০ টাকা ছোঁবে, পেঁয়াজের দাম ১৫০ টাকা হবে।

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিয়মতান্ত্রিক পন্থায় এলে আমরা আলাপ করতে রাজি। এমন হয়নি যেকোনো উপদেষ্টার সঙ্গে দেখা করতে তারা ব্যর্থ হয়েছে।’