ফ্যাসিজমের সহায়ক শক্তিকে উৎখাত করতে হবে : সারজিস

ফ্যাসিজমের সহায়ক শক্তিকে উৎখাত করে দেশের শাসনব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। গতকাল সোমবার  সন্ধ্যায় ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের ওপর ‘ফ্যাসিস্টদের মদদপুষ্ট’ আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ, বাহিনীটির ‘ষড়যন্ত্রকারী’ সাবেক ডিজিসহ সবার বিচার ও প্রশাসনকে ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এমন কথা বলেন।

এ সময় সারজিস আলম বলেন, ‘এখনো চাটুকার শক্তি প্রশাসনসহ সব জায়গায় আছে। ১৬ বছরের ফ্যাসিজমের সঙ্গে সহায়ক হিসেবে থাকা এই শক্তিকে প্রথমে উৎখাত করতে হবে, তারপর পুরো শাসনব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আনসারদের মধ্যে যারা আওয়ামী লীগের সহায়তায় চাকরি পেয়েছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে বিশ্বাস করি।’

শাসনব্যবস্থা নিয়ে এখনই প্রশ্ন না তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আসলে এমন এক সময়ে রাজুতে কথা বলছি, যখন অর্ধশতাধিক আহত ও আমাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সিএমএইচে নেওয়া হয়েছে। কিন্তু নতুন একটি সরকার আসার পর  শাসনব্যবস্থা সুষ্ঠু করার জন্য কয়েক মাস সময় প্রয়োজন হয়। তাই সবাইকে কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানাই।’