সন্ত্রাসবিরোধী মামলায় আটক আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার বেলা পৌনে ১২টার সময় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।
কারাগারটির জেলার মোহাম্মদ লুৎফর রহমান বলেন, মুফতি জসিম উদ্দিন রাহমানী সন্ত্রাসবিরোধী মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
মুফতি জসিম উদ্দিন রাহমানী বরগুনার সদর থানার খাজুর তোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তার মুক্তির খবরে সকাল থেকেই কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অবস্থান করেন তার বড় ভাই আবদুল খলিল, মো. আবদুল জলিল, মো. আইয়ুব আলী এবং তার অনুসারী শায়েখ আবদুল্লাহ ওরফে নজরুল ইসলামসহ অন্য অনুসারীরা।
জানা গেছে, তার বিরুদ্ধে ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গত রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন প্রাপ্ত হন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।