জাতীয়করণের দাবিতে সচিবালয়ে অবস্থান নিয়ে থাকা আনসার সদস্যদের ছাত্ররা মোকাবিলা না করলে সচিবালয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল সোমবার আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ‘আপনারা তাদের (আনসারদের) যুদ্ধংদেহী মনোভাব দেখেছেন। তাদের দাবি ছিল এখনই, রাত ১০টার সময় প্রজ্ঞাপন করে তাদের জাতীয়করণ করতে হবে। তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল, অবাস্তব এবং অসম্ভব দাবি করেছিল। গ-গোল করার জন্য সচিবালয় ঘেরাও করে রেখেছিল। হয়তো আরও অনেকে যোগ দিত। ভয়াবহ পরিস্থিতি হতে পারত।’
তিনি আরও বলেন, ‘যে জাগ্রত ছাত্রসমাজ স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তারা আবারও তাদের যে অপরিসীম ত্যাগের ভূমিকায় এই পুরো পরিস্থিতিটা মোকাবিলা করেছে।’
আনসারদের দাবি আদায় উদ্দেশ্য ছিল না উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ‘এই ঘটনা দেখে আমরা খুবই ব্যথিত। আমরা মনে করি, কালকে (রবিবার) আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল, কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না। দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ-আলোচনার মধ্য দিয়ে। তারা বারবার আলাপ-আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে। বারবার আমাদের ঘিরে রেখেছে। লাঠি তাদের স্টকে ছিল। আপনারা দেখেছেন, তারা কী মারমুখীভাবে ছাত্রদের ওপর হামলা করেছে। যে ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, যারা আমাদের স্বপ্ন এবং যাদের ভবিষ্যতের প্রতিভূ হিসেবে দেখি, তাদের রাস্তায় ফেলে কী নির্মমভাবে মেরেছে।’
কোনো ষড়যন্ত্র সফল হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘যারা অপশক্তির দোসর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে, এই দেশের ছাত্রসমাজ জাগ্রত রয়েছে।’ তিনি বলেন, ‘কোনো ষড়যন্ত্র সফল হবে না। যারা ষড়যন্ত্র করবে, যারা ছাত্র-জনতার এই গণ-অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে একে নস্যাৎ করতে চাইবে, তাদের বিরুদ্ধে তো আমরা প্রচলিত আইনে ব্যবস্থা নেব। এ ছাড়া ছাত্রসমাজ যারা আছে, তারা জাগ্রত আছে। এই ছাত্রসমাজকে পরাজিত করা এবং তাদের বিভ্রান্ত করা যাবে না। এই বার্তা দিতে চাই।’