বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদ বলেছিলেন শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভাকে ছাটাই করবেন। তবে সেই দিন কয়েকের মধ্যেই আজ আবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল তাকে। বিসিবি থেকে ছুটি নিয়ে গিয়েছিলেন, সেই ছুটি শেষে আবার কাজে ফিরেছেন।
বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে। ২০ আগস্ট থেকে তার ছুটিতে যাওয়ার কথা থাকলেও ১০ দিন আগেই তিনি ছুটিতে চলে গিয়েছিলেন। আজ আবার যথারীতি দেশের হোম অব ক্রিকেটে হাজিরা দিলেন।
তবে ছুটি শুরুর আগেই দেশে ফেরার কারণ ছিল তার নাকের সমস্যা। বিসিবির সেই সূত্র দেশ রূপান্তরকে বলেছে, ‘ক্রিকেটার থাকাকালে নাকে বল লেগেছিল গামিনির। সেটা আজ ৩০ বছর পর যন্ত্রণা দিচ্ছিল। ইদানিং নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। সেই কারণে অপারেশন করাতে হয়েছে। সুস্থ বোধ করায় আবার ফিরে এসেছেন।’
দেশের ক্রিকেটে বরাবরই আলোচিত ব্যক্তিত্ব গামিনি। বিভিন্ন সময়ে পিচের মানের কারণে সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘসময় ধরে কাজ করছেন লংকান কিউরেটর গামিনি। বিসিবির এক পরিচালকের বিশেষ অনুগ্রহে ২০০৮ সালে বিসিবিতে নিয়োগ পান এ লঙ্কান।
২০০৯ সালে কিউরেটর পদে গামিনিকে স্থায়ী করা হয়। শুরুতে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেলেও পরে কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে প্রায় এক যুগের বেশি সময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে রয়েছেন এই কিউরেটর। বিসিবির সঙ্গে তার ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে।