খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারসহ আট দফা দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করেছেন সংঘাত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১টায় খাগড়াছড়ি গেট থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। তারা প্রায় এক ঘণ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এসময় শিক্ষার্থীরা অভিযুক্তদের গ্রেপ্তার ও জনসম্মুখে শাস্তি দেওয়ার জন্য জেলা প্রশাসনকে পাঁচদিনের আলটিমেটাম দেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মিছিল করে প্রধান সড়ক ঘুরে জেলা শহরের চেঙ্গীস্কোয়ারে এসে সমাবেশ করেন। এতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন হিতার্থ চাকমা, সুকন চাকমা, তোশিতা চাকমা প্রমুখ।
আট দফা দাবির মধ্যে অন্যগুলো হচ্ছে—রাঙ্গামাটিতে নারী-শিশুকে ধর্ষণচেষ্টা ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধর্ষণচেষ্টায় অভিযুক্তদের গ্রেপ্তার, চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের জন্য ৫% কোটা বহাল রাখা ইত্যাদি।