ডার্বিশায়ার ক্রিকেট লিগে ডিভিশন নাইনের ম্যাচে মুখোমুখি মিকলওভার থার্ড ইলেভেন ও ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ফোর্থ ইলেভেন। ম্যাচটি একদিনের তবে ৮০ ওভারে। ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে বাজবল এনেছে। কিন্তু মিকলওভার ও ফোর্থ ইলেভেনের ম্যাচে দেখা গেল উল্টো চিত্র।
ম্যাচে একই দলে খেলা বাবা-ছেলে মিলে ২০৮ বল খেলে করেছেন ৪ রান। ম্যাচের প্রথম ভাগে ৩৫ ওভারে ৪ উইকেটে ২৭১ রান করে ইনিংস ঘোষণা করে মিকলওভার। এই লিগে দুই দল মিলে খেলবে মোট ৮০ ওভার। আগে ব্যাট করা দল সর্বোচ্চ ৪০ ওভার খেলতে পারে তবে চাইলে আগেই ঘোষণা করতে পারে ইনিংস।
ডার্লি অ্যাবি ব্যাটিংয়ে নেমে ৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে। এরপরই বাবা ও ছেলের সেই জুটি। ইয়ান বেস্টউইক ও থমাস বেস্টউইক উইকেটে তাঁবু গেড়ে বসেন। তাদের লক্ষ্য ছিল ম্যাচ ড্র করা।
পরে ব্যাট করা দল বাকি ওভার কাটিয়ে দিতে পারলে ম্যাচ ড্র হয়। ম্যাচ শেষে বাবা ইয়ান বেস্টউইক বলেন, 'একটা পর্যায়ে রান না করতেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমি।'
বাবা-ছেলের জুটি ভাঙে লিয়াম ফিঞ্চের বলে থমাস বোল্ড হলে। তার নামের পাশে তখন ৭১ বলে ৪ রান! এর মধ্যে একটি ছিল বাউন্ডারি। মানে, ৭০ বলে কোনো রান তিনি করেননি। ছেলে আউট হলেও বাবা ইয়ান বেস্টউইক ১৩৭ বলে শূন্য রানে অপরাজিত ছিলেন!
ডার্লি অ্যাবি ৪৫ ওভারে ৪ উইকেটে ২১ রান করার পর ড্র হয় ম্যাচ। সর্বোচ্চ ৯ রান আসে অতিরিক্ত থেকে।
ইয়ান বেস্টউইক ম্যাচ শেষে বিবিসি রেডিও ডার্বিকে বলেন, ‘তরুণ ও অনভিজ্ঞ’ দল নিয়ে রান তাড়ার কথা তারা একদম ভাবেননি, বরং উইকেট আগলে রাখার চ্যালেঞ্জ নিয়েছেন। ৪৮ বছর বয়সী ক্রিকেটার জানান, এই ড্রয়েই জয়ের উল্লাস করছে তার দল।
ম্যাচে মিকলওভারের থমসন ১২৮ বলে ১৮৬ রান করা থমসন আড়ালে পড়ে যান। আলোচনার ঝড় তোলেন ১৩৭ বলে শূন্য করা ইয়ান বেস্টউইক। নানা দেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিকোয়েস্ট পাচ্ছেন ইয়ান বেস্টউইক।