জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেওয়ার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(২) (ক) মোতাবেক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।’

এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। গত ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি  হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই  বছর পর হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।