বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমানকে অভিনন্দন জানিয়েছে হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিএইচআরএফর সভাপতি রাশেদ রাব্বি এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বার্তায় এ অভিনন্দন জানান।
অভিনন্দনবার্তায় নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ডা. সায়েদুর রহমানের মতো সৎ যোগ্য অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তি উপাচার্যের দায়িত্ব পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করবে। নতুন উপাচার্যর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন নেতারা।
অভিনন্দনবার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, অধ্যাপক ডা. সায়েদুর রহমান বিএসএমএমইউতে নিয়োগ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে চিকিৎসা ব্যবস্থায় অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাবেন, রোগীদের আস্থার সুস্পষ্ট প্রতিফলন ঘটবে। পাশাপাশি পেশাগতভাবে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এবং বিএসএমএমইউ পারস্পরিক সৌহার্দ্যপূণ সম্পর্ক প্রত্যাশা করেন।
আজ মঙ্গলবার চার বছরের জন্য বিএসএমএমইউ উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তবে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন, সে কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।