অবসরপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা পুনর্বহাল, দুজনকে অবসর

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে। ১৫ বছর ধরে যারা পদোন্নতি পাননি, তাদের দেওয়া হচ্ছে পদোন্নতি ও পদায়ন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাউকে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। বদলি করা হচ্ছে থানার ওসি থেকে শুরু করে পুলিশের বিভিন্ন ইউনিটপ্রধানদের। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজপি কৃষ্ণপদ রায় ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিভিন্ন সময়ে বাধ্যতামূলক অবসরে যাওয়া ৫ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। তা ছাড়া ৮ উপমহাপরিদর্শককেও (ডিআইজি) বদলি করা হয়েছে। পাশাপাশি বদলি করা হয়েছে ২৪ জেলার পুলিশ সুপারকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ২০১৮ সালের ৫৭ নম্বর আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে পুলিশ সদর দপ্তরে কর্মরত পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণপদ রায় ও খুলনা মহানগর পুলিশের কমিশনার (ডিআইজি) মো. মোজ্জাম্মেল হককে অবসর দেওয়া হয়েছে। তারা উভয়ই বিধি অনুসারে অবসরজনিত সুবিধা পাবেন।

আট ডিআইজি বদলি : ডিআইজি পদমর্যাদার আটজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এই কর্মকর্তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম হাফিজ আক্তারকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড. খ. মহিদ উদ্দিনকে ট্যুরিস্ট পুলিশ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মুনিবুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্সের ডিআইজি, ডিএমপির উপকমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ফারুক আহমেদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিএমপির উপকমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ইসরাইল হাওলাদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিএমপির উপকমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) খোন্দকার নজমুল হাসানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মাসুদ করিমকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসান মো. শওকত আলীকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো ৫ পুলিশ কর্মকর্তা পুনর্বহাল : আওয়ামী লীগ সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। তাদের মধ্যে চারজন পুলিশ সুপার পদমর্যাদার। অন্যজন ডিআইজি পদের। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময় তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তারা হলেন পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের সাবেক পুলিশ সুপার ব্যারিস্টার মো. জিল্লুর রহমান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাবেক পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিঞা, একই বিভাগের সাবেক পুলিশ সুপার মো. নাজমুল করিম খান, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সাবেক পুলিশ সুপার মো. আলী হোসেন ফকির ও পুলিশ একাডেমির সাবেক ডিআইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জনস্বার্থে’ অবসর প্রদানের তারিখ থেকে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত (রহ ফঁঃু) গণ্য করে তারা বকেয়া বেতনভাতা, পদোন্নতি ও চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। সেই সঙ্গে তারা ট্রাইব্যুনাল/আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার করবেন।

ঢাকাসহ ২৪ জেলায় নতুন পুলিশ সুপার: জেলার ২৪ পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। এ ছাড়া নতুন করে ২৪ কর্মকর্তাকে ২৪ জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা, রংপুর, গাজীপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, হবিগঞ্জ, রাজশাহী, মুন্সীগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, নাটোর, পাবনা, পটুয়াখালী, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল, যশোর ও নরসিংদী জেলায়। রংপুর জেলার দায়িত্বে রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ গাজীপুরে, ডিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে কুমিল্লায়, পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈনকে ঢাকায়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো. ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) রায়হান উদ্দিন খানকে চট্টগ্রামে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. বশির আহমেদকে মানিকগঞ্জে, নৌ-পুলিশের মো. আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দপ্তরের মো. মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, রাজশাহী সারদার মো. রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলায়, নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আনিসুজ্জামানকে রাজশাহী ও হাইওয়ে পুলিশের মুহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সীগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তা ছাড়া পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটে, ডিএমপির প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জে, সিআইডির মো. মারুফাত হুসাইনকে নাটোরে, নৌ-পুলিশের মো. মোরতোজা আলী খানকে পাবনায়, রাজারবাগ পুলিশ টেলিকমের মো. আনোয়ার জাহিদকে পটুয়াখালীতে, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফকে বাগেরহাটে, রেলওয়ে পুলিশের মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জে, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মনজুর মোরশেদকে ঝিনাইদহে, নৌ-পুলিশের মিনা মাহমুদাকে মাগুরায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মো. সাইফুল ইসলাম সানতুকে টাঙ্গাইলে, ডিএমপির মো. জিয়াউদ্দিন আহম্মেদকে যশোরে ও হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আব্দুল হান্নানকে নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।