ভাষাবিজ্ঞানী ড. মনিরুজ্জামান মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত ভাষাবিজ্ঞানী ও গবেষক ড. মনিরুজ্জামান মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন এই অধ্যাপক। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

ছেলে শামীমুজ্জামান প্রমি জানান, গতকাল বাদ এশা রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা এবং আজ বুধবার গ্রামের বাড়ি নরসিংদীর আদিয়াবাদে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ড. মনিরুজ্জামানকে।

১৯৪০ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারত বেঙ্গল প্রেসিডেন্সির চব্বিশ পরগনা জেলায় ড. মনিরুজ্জামান জন্মগ্রহণ করেন। প্রাথমিক জীবন কাটে ভারতের নৈহাটিবরানগন চব্বিশ পরগনায়।

১৯৪৭ সালে তিনি পৈতৃক নিবাস নরসিংদীর আদিয়াবাদ গ্রামে ফিরে আসেন। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়ে ১৯৬০ সালে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর করেন।