বার্সেলোনার জার্সিতে প্রথমবার মাঠে নেমেই আলো ছড়ালেন দানি ওলমো। লা লিগার শিরোপা পুনরুদ্ধ্বারের লড়াইয়ে বার্সেলোনা পেল টানা তৃতীয় জয়। রায়ো ভায়েকানোর কাছে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন পেদ্রি। শেষদিকে জয়সূচক গোলটি করেন বদলি নামা ওলমো। ম্যাচটি ২-১ গোলে জিতেছে বার্সেলোনা।
মঙ্গলবার রাতে রায়ো ভায়েকানোর মাঠে অনুষ্ঠিত শুরুতে কয়েক দফায় বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায় ভাইয়েকানো। এরই ধারাবাহিকতায় নবম মিনিটে তারা এগিয়ে যায়। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন উনাই লোপেস। ১৯তম মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয় বার্সেলোনা। মার্তিনেসের ওই শট অনায়াসে ঠেকান ভাইয়েকানো গোলরক্ষক দানিয়েল। ৩৭তম মিনিটে বক্সের বাইরে থেকে লামিনে ইয়ামালের শটও তিন ঠেকান।
দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে দারুণ সুযোগ পেয়েও মিস করেন রবার্ট লেভানদোভস্কি। ৫৩তম মিনিটে রাফিনিয়ার ফ্রি-কিক পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৫৮তম মিনিটে ওলমোর বুলেট গতির শট ৩০ গজ দূর থেকে ক্রসবারে লাগে। এর দুই মিনিট পরই বক্সে রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে ম্যাচে সমতা ফেরান স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। ৭১তম মিনিটে লেভানদোভস্কি গোল করলেও ভিএআরে বাতিল হয়। ৮২তম মিনিটে বেশ কয়েকজনকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন ওলমো।