আমরা সর্বোচ্চ গুরত্ব দিয়ে কিছু মামলা আইডেন্টিফাই করেছি। সেটাতে আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার, করণীয় ঠিক করেছি এবং কাজ শুরু করেছি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘আপনারা শুনে খুশি হবেন যে এর মধ্যে সাগর-রুনি হত্যা মামলা অন্যতম।’
বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে আইন উপদেষ্টা এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামে হত্যা মামলার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আইন উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেয়া হবে, যাতে অতি উৎসাহী হয়ে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা না হয়।
এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে হাইকোর্টে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয়। যদি জঙ্গি তৎপরতা থাকে, অনুসন্ধান করে দেখে সেটি করা যেতে পারে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না।
আইন উপদেষ্টা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জামায়াতে ইসলামী আবেদন করেছিল তাদের রাজনীতি নিষিদ্ধের আদেশ বাতিল করার জন্য। মন্ত্রণালয় আবেদন যাচাই বাছাই করে আইন মন্ত্রণালয়ে পাঠায় ভেটিং এর জন্য। আইন মন্ত্রণালয় সেটা যাচাই-বাছাই করে গেজেটের জন্য পাঠিয়েছে।