খেলা চলাকালীন সময়ে মাঠেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন উরুগুয়ের ক্লাব নাসিয়োনালের ফুটবলার জুয়ান ইজকুয়ের্দো। হাসপাতালে মৃত্যুর সঙ্গে ৬ দিন লড়াই শেষে ২৭ বছর বয়সী ফুটবলার চিরবিদায় নিয়েছেন। আজ বুধবার জুয়ানের ক্লাব নাসিয়োনালের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। এই খবরে শোকাহত লাতিন আমেরিকাসহ গোটা ফুটবলবিশ্ব।
গত ২২ আগস্ট বৃহস্পতিবার কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের সাও পাওলোর বিপক্ষে খেলতে নেমেছিলেন ফুটবলার জুয়ান। সেবাস্তিয়ান কোটেসের বদলি হিসেবে তাকে মাঠে নামানো হয়েছিল। ৮৪ মিনিটের মাথায় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যান। সে সময়ে তার পায়ে বল ছিল না। তাছাড়া অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে তার কোনো স্পর্শও হয়নি।
সাথে সাথে মাঠে প্রবেশ করেন চিকিৎসক। অচেতন অবস্থাতেই অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় জুয়ানকে। গত রবিবার থেকে তিনি ভেন্টিলেটরে ছিলেন। মঙ্গলবার চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। নাসিয়োনালের পক্ষ থেকে একটি বিবৃতিতে তাঁর পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং প্রিয়জনের প্রতি সমবেদনা জানানো হয়েছে। দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থার প্রধান আলেসান্দ্রো ডোমিঙ্গেজ়ও শোকবার্তা দিয়েছেন।