দিনাজপুরের বিরামপুরে বিজিবির অভিযানে তিন কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকা। বুধবার (২৮ আগস্ট) উপজেলার সীমান্তবর্তী দাউদপুরের নামাগোবিন্দপুর থেকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, সীমান্তে ভারত থেকে অবৈধ পথে সাপের বিষ আসার তথ্য পান তারা। পরে জয়পুরহাট ব্যাটালিয়নের দাউদপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ দল সেখানে পাঠানো হয়। সীমান্ত পিলার থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামাগোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে থেকে মালিকবিহীন অবস্থায় তিন কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করে বিজিবি সদস্যরা। দুটি কাঁচের জারে এই বিষ পাওয়া যায়।
তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি খুবই সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।