সেলিম-জাভেদের জীবনীনির্ভর অ্যাংরি ইয়াং মেনের প্রশংসায় পঞ্চমুখ আনুশকা শর্মা

শক্তিশালী লেখক জুটি সেলিম খান এবং জাভেদ আখতারের জীবনীনির্ভর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ডকু-সিরিজ অ্যাংরি ইয়াং মেনের প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। গত ২০ আগস্ট মুক্তি পাওয়া এই সিরিজে ১৯৭০-এর দশকে সেলিম খান ও জাভেদ আখতার কীভাবে তাদের শক্তিশালী চিত্রনাট্য এবং অ্যাংরি ইয়ং ম্যান চরিত্রের সৃষ্টির মাধ্যমে হিন্দি সিনেমায় বিপ্লব এনেছিলেন তার কাহিনী তুলে ধরা হয়েছে। অনুষ্কা তার ইনস্টাগ্রাম স্টোরিতে সিরিজের একটি ক্লিপ শেয়ার করে এটিকে ‘ইতিহাস এবং জ্ঞানে সমৃদ্ধ’ বলে অভিহিত করেছেন।

অ্যাংরি ইয়ং মেন একটি তিন অংশের ডকুসিরিজ, যা সেলিম খান এবং জাভেদ আখতারের জীবনকে নতুনভাবে চিত্রিত করেছে। বলিউড ইন্ডাস্ট্রির তারকাদের সাক্ষাত্কারযুক্ত এই সিরিজে তুলে ধরা হয়েছে কীভাবে শোলে এবং দিওয়ারের মতো ব্লকবাস্টারগুলোতে সেলিম-জাভেদ জুটির কাজ ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। অনুষ্কার পর্যালোচনার পর অন্যান্য তারকারাও সিরিজটি প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন।

আনুশকা শর্মা বর্তমানে তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে লন্ডনে রয়েছেন। বলিউড এ অভিনেত্রীকে শিগগিরই ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এ দেখা যাবে। যার মধ্য দিয়ে তিনি ৬ বছর পর চলচ্চিত্রে প্রত্যাবর্তন করছেন।