মাহিকে এয়ারপোর্টে দেড় ঘণ্টা বসিয়ে রেখে গোয়েন্দা কাগজ চেক

গত ৫ আগস্ট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র পালটে গেছে। শেখ হাসিনা সরকার পতনের পর বিমানবন্দর বেশ কড়া অবস্থানে গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গেছেন অনেকেই। কেউ সেনাবাহিনীর হাতে সোপর্দ হয়েছেন, কেউবা ফিরে গেছেন বাসায়।  চিত্রনায়িকা মাহিয়া মাহি চলতি সপ্তাহে গিয়েছিলেন এয়ারপোর্টে। 

দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে বিশেষ  খোঁজ চলেছে নথিপত্রে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তাঁর নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে বলে জানা যায়।

বিষয়টি জানিয়েছেন মাহিয়া মাহি। তিনি বলেন, ‘এক থেকে দেড় ঘণ্টা হবে, আমি জাস্ট বসেছিলাম। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি।’

মাহি একদিনের জন্য গিয়েছিলেন দেশের বাইরে।  পরে ফিরে এসেছেন।

অভিনেত্রী পরিচয়ের বাইরে মাহি রাজনীতিতে বেশ  সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের সদস্য এ নায়িকা গত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে খুব একটা সুবিধা করতে পারেননি, হেরেছেন।