ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃতিসন্তান আশরাফুল হক আসিফের নেতৃত্বে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা।
এতে সারা দেশের মতো উল্লাসে মেতেছে ঈশ্বরগঞ্জ উপজেলাবাসী। ঘরের ছেলের নেতৃত্বে শিরোপা জিতায় মিষ্টি বিতরণ করেছে আশরাফুল হক আসিফের বড় ভাই ফুটবলার আরিফুল হক। আজ বুধবার (২৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ জয়ের পর ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠের খেলোয়াড় ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
অধিনায়ক আসিফের বড় ভাই আরিফুল হক বলেন, আমাদের রক্তে ফুটবল। আমার বাবা ছিলেন একজন খ্যাতিমান ফুটবলার। আমি নিজেও একজন পেশাদার ফুটবলার। তাই আমার ছোট ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে—এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই। আজ আমি সবচেয়ে সুখী। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।
বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ জানান, দেশের ফুটবলের ক্যাপ্টেন হয়ে ট্রফি জিততে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। আমাদের এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও বন্যার্তদের প্রতি উৎসর্গ করলাম।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, আসিফ ঈশ্বরগঞ্জের গর্ব। সে দেশকে এবং ঈশ্বরগঞ্জ উপজেলাকে বিশ্ব দরবারে পরিচয় করিয়েছে। ঘরের ছেলে আসিফ ঘরে ফিরে আসলেই আমরা তাকে সংবর্ধনা প্রদান করবো। আসিফ বাহিনীর এ অর্জনের ধারা অব্যাহত থাকুক। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।