সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৬ কোটি টাকা মূল্যের ১৫ কেজি ৯১০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। দুবাই থেকে আসা ওই যাত্রীকে আজ বুধবার সকালে বিমানবন্দরে আটক করে শুল্ক গোয়েন্দা ও সিভিল অ্যাভিয়েশনের সদস্যরা। স্বর্ণসহ আটক যাত্রী হলেন— সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল গোরামারাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে হোসাইন আহমদ (২২)।
ওসমানী বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি—২৫২ ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করে। এই ফ্লাইটের হোসাইন আহমদ নামের যাত্রীর (পাসপোর্ট নং— ইএউ—অ ১৫১৯৩২৪৬) দুটি লাগেজ তল্লাশি করে জুস মেশিনের ভেতরে ১০৫টি স্বর্ণের বার ও স্বর্ণের ছোট ৪টি চাকতি পাওয়া যায়।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে গিয়েছিলেন হোসাইন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিমানবন্দরের অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা ও এনএসআই তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে যান। সেখানে তার দুটি লাগেজ তল্লাশি করে ৪টি জুস মেশিনের ভেতর থাকা ১০৫ পিস স্বর্ণের বার ও স্বর্ণের ছোট ৪টি চাকতি জব্দ করা হয়।’
সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ১৬ কোটি ৩৬ লাখ টাকা হবে। স্বর্ণের ওজন ১৫ কেজি ৯১০ গ্রাম। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।