ক্যারিয়ারের শেষবেলায় সৌদি আরবের লিগে রীতিমতো জ্বলে উঠেছেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সহসাই কিংবা অন্তত দুই-তিন বছরের আগে যে তার অবসরের কোনো চিন্তা নেই, সেটাও সম্প্রতি বলেছেন। এবার সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করে আরও একটি রেকর্ড গড়লেন সিআরসেভেন। ওখানেই শেষ নয়! এরপর রোনালদো বলেছেন, ‘এ তো সবে শুরু!’
প্রথমার্ধে যোগ করা সময়ের ১০ম মিনিটে আল ফেইহার বক্সের সামনে ফাউলের কারণে ফ্রি কিক পায় আল নাসর। সেই কিক নিতে এসে বাঁকানো শটে নিজের ক্যারিয়ারের ৮৯৯ নম্বর গোলটি করে ফেলেন রোনালদো। ফ্রি কিক থেকে এটা ছিল রোনালদোর ক্যারিয়ারে ৬৪তম গোল। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এ নিয়ে টানা ২৩ মৌসুম ফ্রি কিক থেকে গোল পেলেন রোনালদো।
ফ্রি কিক থেকে গোল করার তালিকায় রোনালদোর চেয়ে একধাপ এগিয়ে আছেন লিওনেল মেসি ও ডেভিড বেকহাম। ৭৭ গোল নিয়ে তালিকার শীর্ষে ব্রাজিলের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার জুনিনহো। ম্যাচটিতে নিজে গোল করার আগে একটিতে সহায়তাও করেছেন রোনালদো। শেষদিকে তার একটি শট ক্রসবারে লাগায় ৯০০তম গোলটি হয়নি। এরপর রোনালদো এক্সে লেখেন, ‘এটা কেবল শুরু। আল নাসর, চলো এগিয়ে যাই।’