খেলতে নেমেই বাদ রাদুকানু

২০২১ সালের ইউএস ওপেন জিতে হুলস্থুল বাধিয়ে দিয়েছিলেন তখনকার টিনেজ সেনসেশন এমা রাদুকানু। ব্রিটিশ এ টেনিস খেলোয়াড়ের মধ্যে ভবিষ্যতের তারকা দেখতে পাচ্ছিলেন ভক্তরা। এর পর থেকে আর কখনো ইউএস ওপেনে প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেননি রাদুকানু। গত বছর ইনজুরিতে থাকায় অংশ নেন। আর ২০২২ সালের মতো গতকাল এবারের আসরের প্রথম রাউন্ড থেকে বিদায় হতে হয়েছে তাকে।

যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনের কাছে ৬-১, ৩-৬ ও ৬-৪ সেটে হার মানেন রাদুকানু। ২১ বছরের এ তারকা এর পর ফ্ল্যাশিং মিডোতে কান্নায় ভেঙে পড়েন। রাদুকানুর বিদায়ের পেছনে কম ম্যাচ খেলাকে কারণ হিসেবে মনে করা হচ্ছে। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের পরবর্তী অনুশীলন পরিকল্পনা সাজিয়ে টেনিসের মঞ্চে সদর্পে ফিরে আসবেন বলে বিবিসি ফাইভকে জানিয়েছেন রাদুকানু, ‘আমি আরও বেশি ম্যাচ খেলতে চাই। আমি হয়তো সবগুলো টুর্নামেন্ট খেলব না, তবে নিশ্চিত আগের চেয়ে বেশি ম্যাচ খেলব। আগামীবারের জন্য এটাই আমার শিক্ষা।’ ২০২৩ সালটি ইনজুরিতে কাটানোর পর এ বছরের জানুয়ারিতে কোর্টে ফিরে অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে বাদ পরেন। ফ্রেঞ্চ ওপেন না খেললেও উইম্বলডনে চতুর্থ রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন।