ভারতের উদ্বেগজনকভাবে বেড়েছে শিক্ষার্থী আত্মহত্যার প্রবণতা। দেশটিতে সামগ্রিক আত্মহত্যার সংখ্যা বার্ষিক ২ শতাংশ বাড়লেও গত দুই দশকে, শিক্ষার্থীদের আত্মহত্যা বেড়েছে বার্ষিক ৪ শতাংশ হারে। যা ছাড়িয়ে গেছে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হারকেও।
বুধবার ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) এর এক রিপোর্টে এই তথ্য উল্লেখ করা হয়েছে। খবর এনডিটিভি।
বুধবার (২৮ আগস্ট) আইসিথ্রি বার্ষিক সন্মেলনে এই রিপোর্ট প্রকাশিত করা হয়। রিপোর্টে বলা হয়, ভারতে সামগ্রিক আত্মহত্যার বার্ষিক হার ২ শতাংশ বাড়লেও শিক্ষার্থী আত্মহত্যার প্রবণতা বেড়েছে ৪ শতাংশ। কিন্তু শিক্ষার্থী আত্মহত্যার ঘটনাগুলো সব সময় প্রচারের আড়ালে থেকে যাওয়ার প্রবণতা থাকে।
রিপোর্টে বলা হয়, ২০২২ সালে, মোট শিক্ষার্থী আত্মহত্যার ৫৩ শতাংশই পুরুষ ছিল। ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ছাত্রদের আত্মহত্যা ৬ শতাংশ কমেছে বিপরীতে ছাত্রীদের আত্মহত্যা ৭ শতাংশ বেড়েছে।
এনসিআরবির তথ্য বলছে, শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার (০.৮৯ শতাংশ) এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতা (২ শতাংশ) উভয়কেই ছাড়িয়ে যাচ্ছে। গত এক দশকে ভারতে ২৪ বছর বয়সী জনসংখ্যা কমেছে ১০ লাখ। এদিকে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা ৬ হাজার ৬৫৪ জন থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৪।
রিপোর্ট অনুসারে, ভারতের মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশকে এমন রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি। আর এটি সারা ভারতের মোট ছাত্র-আত্মহত্যার এক-তৃতীয়াংশ।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ‘এনসিআরবি-র ডেটা তৈরি হয় থানায় এফআইআর-এর ওপর ভিত্তি করে। তবে অনেক ক্ষেত্রে শিক্ষার্থী আত্মহত্যার এফআইআর দায়ের করা হয় না ফলে প্রকৃত সংখ্যা সম্ভবত অনেক বেশি।
আইসিথ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার ও কলেজ কাউন্সেলিংয়ের জন্য শিক্ষার্থীদের নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান। স্বেচ্ছাসেবক এই সংস্থাটি বিশ্বব্যাপী বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে ক্যারিয়ার গড়ার ব্যাপারে শিক্ষার্থীদের কাউন্সেলিং ও প্রশিক্ষণ দিয়ে থাকে।