দিরাইয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৪০

সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই গ্রামের ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে রফিনগর ও মির্জাপুর দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতের ব্যক্তির পরিচয় জানা যায় নি।

জানা যায়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালের দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজুয়ান ও মির্জাপুর গ্রামের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে সকালে ঐ দুই গ্রামের কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয় । পরে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন দেশ রুপান্তরকে জানান, জায়গা সংক্রান্ত জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। তার পরিচয় আমরা শনাক্ত করার চেষ্টা করছি। দুই গ্রামের মধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।