ছাত্রসমাজ প্রমাণ করেছে, তারা কারো কাছে বিক্রি হয়নি: ড. কামাল

গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা সাময়িক সুবিধার জন্য রাজনীতি করি না। আমরা চাইলেই তথাকথিত মন্ত্রী হতে পারতাম। কিন্তু আমরা সেটা করছি না। কারণ আমরা চাই জনগণ সত্যিকার অর্থে ক্ষমতার মালিক হোক। টাকা-পয়সা দিয়ে ভোট কেনা যায়, কিন্তু আস্থা পাওয়া যায় না।

বৃহস্পতিবার (২৯ আগস্ট ) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরামের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, সুষ্ঠু রাজনীতি করতে হলে জনগণকে বোঝাতে হবে, তোমরা দেশের পাহারাদার, তোমরা ভোটে অংশগ্রহণ করো। লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের বিতাড়িত করতে হবে। লুটপাটকারীদের বিরুদ্ধে জনগণকে একত্রিত হতে হবে।

সুষ্ঠু রাজনীতি করার জন্য প্রতিজ্ঞা আমরা করেছিলাম উল্লেখ করে তিনি আরও বলেন, সে প্রতিজ্ঞা আমরা ধরে রাখতে পেরেছি। আমরা কারো কাছে বিক্রি হইনি। এখানে যারা আছেন, তারা একজনও বিক্রি হননি। মানুষের আস্থা নিয়ে আমরা ক্ষমতায় যাই। সে আস্থা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে ক্ষমতা ধরে রাখতে পারব না। অনেকেই প্রশ্ন তুলেছিলেন আমরা আমাদের প্রতিষ্ঠান ধরে রাখতে পারব কি না। আমরা তো টাকা দিয়ে নির্বাচন করি না, আমরা ভোট কিনে নির্বাচিত হই না।

ড. কামাল হোসেন বলেন, ছাত্রসমাজ প্রমাণ করেছে, তারা কারো কাছে বিক্রি হয়নি। তারা জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে। তারা দেশ পরিবর্তনে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ পরিশ্রম করে উৎপাদন বাড়াচ্ছে তবু সংকট কেন? আপনারা ঐক্যবদ্ধ হলেই দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে পারব।

বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন গণফোরামের শীর্ষ নেতা সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, ডা. মো. মিজানুর রহমান প্রমুখ।