জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ (জাকসু) চালুর পক্ষে সরব হলেও ক্যাম্পাসে ফিরে সুস্থধারার রাজনীতি করতে চায় দীর্ঘদিন ক্যাম্পাসে ক্ষমতা চর্চার বাইরে থাকা বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রদল ।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা গতকাল বুধবার (২৮ আগস্ট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন।
শিক্ষার্থী আহসান লাবিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ছাত্ররাজনীতি চাই না। ক্যাম্পাসের সুস্থ পরিবেশের স্বার্থে দ্রুত জাকসু চালু করতে হবে। জাকসু চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিও বন্ধ হবে।’
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একাংশের সভাপতি আলিফ মাহমুদ বলেন, ‘ক্যাম্পাসে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে আমরা সমর্থন করি না। তবে আমরা চাই ছাত্রলীগ ও ছাত্রদলের মতো দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হোক।’
সরকারের পতনের পর ক্যাম্পাসে ফিরে নতুন করে রাজনীতিতে সক্রিয় হওয়ার আশার আলো দেখছে ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠটির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, শীঘ্রই শাখা কমিটি পেতে যাচ্ছে জাবি ছাত্রদল। নতুন কমিটি নিয়ে ক্যাম্পাসে শান্তিপূর্ণ রাজনীতি করতে চান তারা। ক্যাম্পাসে ক্ষমতার অপব্যাবহার করে ছাত্রলীগের অনৈতিক কর্মকান্ডে সাধারণ শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির প্রতি আস্থা হারালেও শিক্ষার্থীদের স্বার্থে সুস্থধারার রাজনীতি করে সেই আস্থা ফিরিয়ে আনতে চান তারা।
শহীদ সালাম বরকত হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আফফান আলী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্রদলও সাধারণের কাতারে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেকে নিহত ও আহত হয়েছেন। আমরা ছাত্ররাজনীতির সংস্কার করে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশ পূর্ণগঠনে অবদান রাখতে চাই।’