জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ এবং প্রতিষ্ঠানসমূহের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। যারা এই সময়ের মধ্যে উপস্থিত থাকবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।