খুলনায় আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেনের বিরুদ্ধে তেলের ট্যাংক লরি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে খালিশপুর থানায় এজাহার দাখিল করেছেন সাতক্ষীরা সদরের লষ্কর ফিলিং স্টেশনের ম্যানেজার হাসান শরিফ আহমেদ।
এজাহার দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানার সেকেন্ড অফিসার সন্দিপ। ফরহাদ খুলনা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা।
লষ্কর ফিলিং স্টেশনের ম্যানেজার হাসান শরিফ আহম্মেদ জানান, গত মঙ্গলবার দুপুরে খুলনার খালিশপুরের যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে লস্কর ফিলিং স্টেশনের ট্যাংক লরিতে (ট্যাংকলরির রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো ঢ-৪১-০৫২২) ৯ হাজার লিটার ডিজেল, ৫ হাজার লিটার পেট্রোল, ৪ হাজার লিটার অকটেন অর্থ্যাৎ ১৮ হাজার লিটার তেল ভর্তি করা হয়। যার অনুমানিক মূল্য ২১ লাখ ৯১ হাজার ৫৩০ টাকা। তেল ভর্তি করে ডিপো থেকে লরিটি নিয়ে আমি ও ড্রাইভার বের হই। তখন আওয়ামী লীগ নেতা শেখ ফরহাদ হোসেন নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী শটগান ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা আমার ও ড্রাইভার জালাল উদ্দিনকে বেধরক মারপিঠ করে।
এছাড়া আমার (ম্যানেজার হাসান আহম্মেদ) বুকে শটগান ঠেকিয়ে গাড়িটি দিয়ে দিতে বলে। তখন গাড়িটি রেখে পালিয়ে যায়। তবে এ ব্যাপারে বক্তব্য নিতে ফরহাদ হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।