‘আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই, ভালবাসার হাত বাড়াই’এমন শ্লোগানে গাজীপুরের কালিয়াকৈরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শিল্পীদের বিনা পারিশ্রমিকে আয়োজন করা হয়েছে মানবতার কনসার্ট। বন্যার্তদের সহযোগিতা করতে ৯ দিনব্যাপী এমন ভিন্ন আয়োজন করে জুয়েল অ্যান্ড ফ্রেন্ডস নামে একটি ব্যান্ড। তাদের গানে আনন্দ পেয়ে বানভাসিদের জন্য আর্থিক সহযোগিতা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানায়, পানিবন্দী থাকায় বন্যাকবলিত এলাকায় পরিধেয় কাপড়, বিশুদ্ধ পানি, ঔষধ সংকট দেখা দিয়েছে। তাদের জন্য এগিয়ে যাচ্ছে দেশের সর্বস্তরের মানুষ। বন্যার্তদের সহযোগিতায় আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।
কনসার্টের সংগীত শিল্পীরা হলেন বাউল জুয়েল, বাউল রেজা, রাশেদ, বিশ্বজিৎ কর্মকার, সাব্বির হোসেন, মিজানুর রহমান। এ কনসার্টে বন্যার্তদের জন্য টানা ৩/৪ ঘন্টা দেশাত্ববোধক, লালন গীতি, লোকগীতিসহ ব্যান্ডের বিভিন্ন গান গাওয়া হয়। বন্যার্তদের জন্য এমন ভিন্নধর্মী আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
বাউল জুয়েল জানান, বন্যার্তদের জন্যেই আমাদের গান। আগামী বুধবার পর্যন্ত আমাদের এ মানবতার কনসার্ট চলবে। গান গেয়ে ত্রাণের জন্য যে অর্থ সহযোগিতা পাচ্ছি, সেগুলো বানবাসী মানুষের কাছে পৌছে দেওয়া হবে।