ইরানের প্রথম নারী মুখপাত্র কে এই ফাতেমেহ মোহাজেরানি

ইরানের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী। তার নাম ফাতেমেহ মোহাজেরানি। বুধবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে নিয়োগ দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১৯৭০ সালে আরাকে জন্মগ্রহণ করেন ফাতেমেহ মোহাজেরানি। তিনি হেরিওট-ওয়াট ইউনিভার্সিটি এডিনবার্গ ক্যাম্পাস থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এর আগে ১১তম সরকারে শরীয়তি (নারীদের জন্য) কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৭ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী ফাতেমেহ মোহাজেরানিকে সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টসের প্রধান মনোনীত করেছিলেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য পদেও তিনি অধিষ্ঠিত ছিলেন। ইরানের বর্তমান প্রেসিডেন্টকে সংস্কারপন্থি হিসেবে ভাবা হয়। তার হাত ধরেই দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ হলো। ইরানের মতো কট্টরপন্থি দেশে নারী মুখপাত্রের নিয়োগ বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।