লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন জো রুট। ১৬২ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। টেস্টে এটি রুটের ৩৩তম সেঞ্চুরি।
ক্যারিয়ারের ৩৩তম টেস্ট সেঞ্চুরিতে রুট বসেছেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের পাশে। তাতে ইংল্যান্ডের হয়ে টেস্টে এখন যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হলেন রুট।
ইংল্যান্ডের ইনিংসের ৬৩তম ওভারে লাহিরু কুমারার বলে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন রুট। শেষ পর্যন্ত রুট থামেন ১৪৩ রান করে। তার ২০৬ বলের ইনিংসে ছিল ১৮টি চার।
লর্ডসে এটি রুটের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। লর্ডসে ৬টি করে সেঞ্চুরি আছে গ্রাহাম গুচ ও মাইকেল ভনের। টেস্টে সর্বোচ্চ ৫১ টি সেঞ্চুরি করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
প্রথম দিন শেষে ইংল্যান্ড করেছে ৭ উইকেটে ৩৫৮ রান। গাস অ্যাটকিনসন ৭৪ ও ম্যাথু পটস ২০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।