চ্যাম্পিয়নস লিগ আর গোল রোনালদোর কাছে কেচাপের মতো

উয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদো স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে খেলেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ।

চ্যাম্পিয়নস লিগে ১৮৩ ম্যাচে রোনালদোর গোল ১৪০টি। ৩৯ বছর বয়সী এই পর্তুগীজ ফরোয়ার্ড এখন খেলেন সৌদি আরবের লিগে। তবে আজ মোনাকোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৪-২৫ মৌসুমের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে তুলে দেওয়া হয় পুরস্কারটি।

রোনালদোর হাতে পুরস্কার তুলে দেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্দার সেফেরিন। এ সময় সেফেরিন রোনালদো সম্পর্কে বলেন, 'রোনালদোর ক্যারিয়ার নিয়ে কথা বলতে গেলে লম্বা সময় লাগবে। যদি চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবি, উয়েফা ফুটবল বা ফুটবল নিয়ে ভাবি আমাদের রোনালদোর কথা ভাবতে হবে।' 

রোনালদো বলেন, 'এখানে উপস্থিত হবে পারা আমার জন্য আনন্দের। এই বিশেষ পুরস্কারের জন্য ধন্যবাদ। এটি আমার কাছে অনেক অর্থবহ। চ্যাম্পিয়নস লিগে খেলাটা আমাদের জন্য ছিল অনুপ্রেরণার।' 

চ্যাম্পিয়নস লিগ এবং এই টুর্নামেন্টে গোল করা নিয়ে রোনালদো বলেন, 'চ্যাম্পিয়নস লিগ আর গোল হলো কেচাপের মতো। যখন আপনি শুরু করবেন আসতেই থাকবে।'

একই অনুষ্ঠানে সাবেক ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি বুফনকে উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।